ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগীসহ আরও চারজন আহত হয়েছেন।
২৯ জুন সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়ার ছেলে আরমান মিয়া (১৭)।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি চারগাছ এলাকার উদ্দেশে রওনা হয়েছিল। পথে মান্দারপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকের ওপর থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত ট্রাকচালক ও তার সহযোগীসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
সূত্র: আমার দেশ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available