৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করল ১১ দল
অনলাইন ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় রাজনৈতিক জোট।২৫ জুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে জেলা পর্যায়ে সেমিনার, চিত্র প্রদর্শনী, গ্রাফিতি অঙ্কন, স্মৃতিচারণমূলক সমাবেশ এবং শেষ দিনে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি।কর্মসূচির অংশ হিসেবে ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশের জেলা শহরগুলোতে সেমিনার আয়োজন করা হবে। ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন থাকবে। জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ আগস্ট সারাদেশে জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে ড. আযাদ বলেন, আগের ফ্যাসিবাদী কায়দায় আবারও একদলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে দলীয় প্রসিকিউটর নিয়োগের মাধ্যমে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে।আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, দলটি দেশে গণতন্ত্রের পরিবর্তে জুলুমতন্ত্র কায়েম করেছে এবং জনগণের অধিকার হরণ করেছে।