• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:১৯:৫৭ (29-Jun-2026)
  • - ৩৩° সে:

১৫ দিনের জন্য জিও টিভির লাইসেন্স স্থগিত করল পাকিস্তান

২৯ জুন ২০২৬ সকাল ১১:০৭:৪৭

১৫ দিনের জন্য জিও টিভির লাইসেন্স স্থগিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে বিতর্কের জেরে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, গত ২৬ জুন মহররম উপলক্ষে সম্প্রচারিত একটি অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্য দেখানো হয়েছে, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এ কারণে চ্যানেলটির সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

তবে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জিও নিউজ। ২৮ জুন রোববার দেওয়া এক বিবৃতিতে চ্যানেলটি জানায়, বিতর্কিত ভিডিওটি অনিচ্ছাকৃতভাবে সম্প্রচার হয়েছে এবং এটি তাদের সম্পাদকীয় নীতি বা অবস্থানের প্রতিফলন নয়। ঘটনার পর ভিডিওটি সম্প্রচার ও ডিজিটাল—উভয় প্ল্যাটফর্ম থেকেই সরিয়ে ফেলা হয়েছে।

জিও নিউজের দাবি, সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে প্রচলিত ধর্মীয় আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করা, কোনো নির্দিষ্ট ধর্মীয় মতাদর্শের প্রচার নয়।

এদিকে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এ ঘটনায় চ্যানেলটির সম্পাদকীয় পর্যায়ে সতর্কতার ঘাটতি ছিল। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জিও নিউজকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগটি নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল অব কমপ্লেইন্টস-এর কাছেও পাঠানো হয়েছে।

পাকিস্তানে ইসলামি বর্ষপঞ্জির অন্যতম সংবেদনশীল সময় মহররম। এ সময় ধর্মীয় বিষয় নিয়ে সামান্য বিতর্কও বড় ধরনের জনঅসন্তোষের জন্ম দিতে পারে। বিশেষ করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং ইসলামের সম্মানিত ব্যক্তিত্বদের চিত্রায়ন দেশটিতে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত হয়। এ কারণে মহররমকে কেন্দ্র করে প্রতি বছর বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

অন্যদিকে, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে পাকিস্তান। বিভিন্ন সময় টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে সম্প্রচার স্থগিত, জরিমানা এবং নানা ধরনের নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
২৯ জুন ২০২৬ দুপুর ১২:০২:৩১







Follow Us