• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৫৮:১১ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
শিবালয়ে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

শিবালয়ে বৃদ্ধা ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারদের মধ্যে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। অপর একজনের বিরুদ্ধে ভুক্তভোগীর চুরি হওয়া রুপার চেইন কেনার অভিযোগ আনা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ওই নারী স্থানীয় একটি বাজারে ভিক্ষা করছিলেন। এ সময় দুই যুবক তাঁর কাছে এসে তাদের পরিবারের পক্ষ থেকে কিছু দেওয়ার কথা বলে সঙ্গে যেতে অনুরোধ করেন। পরে তাদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে রওনা দেন।এজাহারে অভিযোগ করা হয়েছে, দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড় সংলগ্ন স্থানে নিয়ে ওই নারীকে জোরপূর্বক নির্জন স্থানে নেওয়া হয়। সেখানে ভয়ভীতি ও শারীরিক নির্যাতনের মাধ্যমে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় তার গলায় থাকা একটি রুপার চেইনও নিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলেও এজাহারে বলা হয়েছে।পরে ভুক্তভোগী তার স্বজনদের বিষয়টি জানান। এরপর স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার বিকেলে উপজেলার ষাইটঘর বাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা চুরি হওয়া রুপার চেইন বিক্রির তথ্য দেয়। পরে অভিযানে তেওতা বাজারের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয় এবং তার কাছ থেকে চেইনটি উদ্ধার করা হয়।শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া রুপার চেইনও। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।