• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৩২:১০ (25-Jun-2026)
  • - ৩৩° সে:
ইরান বড় ছাড় দিচ্ছে, যুদ্ধে আমরা বড় ব্যবধানে জিততে যাচ্ছি: ট্রাম্প

ইরান বড় ছাড় দিচ্ছে, যুদ্ধে আমরা বড় ব্যবধানে জিততে যাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলমান আলোচনা প্রক্রিয়ায় ইরান উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে এবং যুদ্ধে যুক্তরাষ্ট্র স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। আগামী সপ্তাহে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে নতুন দফা আলোচনা হওয়ার কথা রয়েছে।২৪ জুন বুধবার ইউএস ক্যাপিটলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। তার ভাষায়, “যুদ্ধ খুব ভালোভাবে চলছে। আপনারা জানেন, আমরা অনেক ব্যবধানে জিততে যাচ্ছি। ইরান অনেক বড় ছাড় দিচ্ছে।” সম্ভাব্য চুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, “দেখা যাক কী হয়—তবে এটি খুবই শক্তিশালী একটি সমঝোতায় পরিণত হয়েছে।”গত সপ্তাহে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষর করেন। এই সমঝোতার লক্ষ্য হলো ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের সংঘাতের অবসানের পথ তৈরি করা।সমঝোতা অনুযায়ী, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাতে ওয়াশিংটন ও তেহরান দুই মাস ধরে আলোচনা চালাবে। প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো হতে পারে।মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, সাময়িক বিরতির পর আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা আবারও শুরু হবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, অন্তর্বর্তীকালীন সমঝোতার অধীনে ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করবে বলেই ওয়াশিংটন আশা করছে।রুবিও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন—ইরানকে সমঝোতার অধীনে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই মানতে হবে। তিনি বলেন, “তারা যদি প্রতিশ্রুতি রক্ষা করে, আমরা এগিয়ে যাব। আর যদি না করে, তাহলে এ বিষয়ে প্রেসিডেন্টের হাতে বিভিন্ন বিকল্প থাকবে।”ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনার অগ্রগতি নিয়ে উভয় পক্ষের বক্তব্যে আশাবাদ দেখা গেলেও, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে এখনও বেশ কয়েকটি জটিল ইস্যুতে সমাধান প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: আনাদোলু, রয়টার্স