নওগাঁর সুলতানপুরে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক ৩
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় সাম্প্রতিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।১৮ এপ্রিল শনিবার গভীর রাতে ও পরদিন দিনব্যাপী ওই অভিযান পরিচালিত হয়।পুলিশ জানায়, নওগাঁ সদর থানার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর জেলে পাড়ায় গত কয়েকদিন ধরে মারামারি ও আতঙ্ক সৃষ্টির অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে নওগাঁ পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।অভিযানে আটক ব্যক্তিরা হলেন মো. সোহাগ হোসেন (৩০), মো. শাহীন আলম (২৭) এবং মো. ওসমান গনি ওরফে রনি (২৭)। সবাই সুলতানপুর জেলে পাড়া এলাকার বাসিন্দা।পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে রাম দা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় সহিংসতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।পুলিশ আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সকল আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। নওগাঁ জেলার যে কোনো স্থানে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশ দৃঢ় অবস্থানে রয়েছে।