স্পোর্টস ডেস্ক: নাটকীয় এক ম্যাচে যোগ করা সময়ের গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠেছে কানাডা।
ম্যাচের শুরুতে বলের দখলে কিছুটা এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। তবে আক্রমণে বেশি কার্যকর ছিল কানাডা। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না তারা।
প্রথমার্ধের ৪৪তম মিনিটে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কানাডা। ময়জে বোমবিতোর হেড গোললাইন থেকে ক্লিয়ার করে নিশ্চিত গোল বাঁচান দক্ষিণ আফ্রিকার অব্রে মদিবা। ফলে বিরতিতে দুই দলই গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি ও উত্তেজনা আরও বেড়ে যায়। ৬৫তম মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট অসাধারণ দক্ষতায় পা দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। ফিরতি সুযোগ থেকেও কানাডাকে গোল করতে দেননি এমবোকাজি।
নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটি গোলশূন্য ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই (৯০+১) আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। স্টিভেন ইউস্টাকিওর দুর্দান্ত গোলে এগিয়ে যায় কানাডা। শেষ পর্যন্ত সেই এক গোলের ব্যবধানই ধরে রেখে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠা প্রথম দল হলো কানাডা। কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ী দলের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available