আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। ২৮ জুন রোববার রাতে পরিচালিত এ অভিযানে নিহতরা নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং এর সহযোগী সংগঠনের সদস্য বলে দাবি করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে সাম্প্রতিক হামলার জবাবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
তার দাবি, নিহতদের মধ্যে টিটিপির শীর্ষ পর্যায়ের কমান্ডার খান ফারোশ আকা জাবালও রয়েছেন। তিনি টিটিপির সহযোগী সংগঠন জামাতুল আহরারের অন্যতম সংগঠক ছিলেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহরে পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় তিন রেঞ্জার্স সদস্য নিহত হন। ওই হামলার পরই সীমান্ত এলাকায় অভিযান জোরদার করা হয়।
আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, রেঞ্জার্সের পাল্টা অভিযানে তিন হামলাকারী নিহত এবং একজন আহত অবস্থায় আটক হন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তারা টিটিপির সহযোগী সংগঠন জামাতুল আহরারের সদস্য।
পাকিস্তান সরকার জানিয়েছে, বাজাউর সীমান্ত এলাকায় পরিচালিত এই অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এর অংশ। গত ফেব্রুয়ারিতে খাইবার পাখতুনখোয়া সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা এবং কয়েকজন সেনাকে অপহরণের ঘটনার পর এই সামরিক অভিযান শুরু হয়।
সাম্প্রতিক বছরগুলোতে টিটিপিকে ঘিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহযোগিতা দিচ্ছে। তবে কাবুল বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।
দুই দেশের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও সীমান্ত নিরাপত্তা ও জঙ্গি তৎপরতা নিয়ে বিরোধের এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি।
সূত্র : ডন
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available