স্পোর্টস ডেস্ক: মায়ামির হার্ডরক স্টেডিয়ামে দাপুটে ফুটবল উপহার দিয়ে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল। একই সঙ্গে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেলেসাওরা। সপ্তম মিনিটেই স্কটল্যান্ডের ডিফেন্ডার স্কট ম্যাককেনির দুর্বল ব্যাকপাসের সুযোগ কাজে লাগিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। ২২তম মিনিটে তিনি আবারও জালের দেখা পেলেও ভিএআর যাচাই শেষে মেক্সিকান রেফারি সিজার রামোস ফাউলের কারণে গোলটি বাতিল করেন।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+৩ মিনিট) ব্রুনো গিমারাইসের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় এবং দলের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়ুস। চলতি বিশ্বকাপে এটি রিয়াল মাদ্রিদ তারকার চতুর্থ গোল। বিরতির পর ৬০তম মিনিটে ব্যবধান ৩-০ করেন ম্যাথিউস কুনহা। ব্রুনো গিমারাইসের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে এই ফরোয়ার্ড টুর্নামেন্টে নিজের গোলসংখ্যা বাড়িয়ে তিনে নেন।
ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে ৭৬তম মিনিটে। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮১ দিন পর ম্যাথিউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামার কীর্তি গড়েন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। অল্প সময়ের উপস্থিতিতেই তিনি দলের আক্রমণে নতুন গতি যোগ করেন।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্য ম্যাচে হাইতিকে ৪-২ গোলে হারালেও গ্রুপ রানার্সআপ হয় মরক্কো। স্কটল্যান্ড সরাসরি বিদায় না নিলেও সেরা তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোর একটি হিসেবে শেষ ৩২-এ ওঠার ক্ষীণ সম্ভাবনা এখনও টিকে আছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ৩২-এর লড়াইয়ে ব্রাজিল খেলবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের বিপক্ষে। বর্তমান সমীকরণ অনুযায়ী, জাপানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি। অন্যদিকে রানার্সআপ মরক্কোর প্রতিপক্ষ হতে পারে গ্রুপ ‘এফ’-এর শীর্ষ দল নেদারল্যান্ডস।
গ্রুপ পর্ব পেরিয়ে নেইমারের প্রত্যাবর্তন এবং দলের ছন্দময় পারফরম্যান্স—সব মিলিয়ে নকআউট পর্বে নতুন স্বপ্ন দেখছে ব্রাজিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available