আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় স্থানীয় সময় ২৪ জুন বুধবার সন্ধ্যায় এক মিনিটেরও কম ব্যবধানে আঘাত হেনেছে ৭ মাত্রার বেশি শক্তিশালী দুটি ভূমিকম্প। এতে দেশটির রাজধানী কারাকাসসহ আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে বিপুল প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস–এর তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ২। এর উৎপত্তিস্থল ছিল ভেনেজুয়েলার সান ফেলিপের উত্তর-পূর্বে। এর মাত্র ৩৯ সেকেন্ড পর দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৫। দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ছিল ইয়ুমারের দক্ষিণ-পূর্বে।
এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে ইউএসজিএসের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটির ফলে উচ্চ মাত্রার প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির স্বয়ংক্রিয় পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, প্রাণহানি ১০ হাজারের বেশি হতে পারে—এমন আশঙ্কা রয়েছে; এমনকি ক্ষয়ক্ষতি ভয়াবহ হলে তা আরও বাড়তেও পারে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী কারাকাসে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোথাও কোথাও ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি সেবা সংস্থাগুলো কাজ শুরু করেছে। শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহেও বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সম্ভাব্য আফটারশকের কারণে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতির অবনতি হলে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি, রয়টার্স
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available