আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপকে অবৈধ বলে মন্তব্য করেছে চীন।
৬ মে বুধবার বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন।


বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনে চীন সক্রিয়ভাবে কাজ করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এখন অত্যন্ত জরুরি এবং সংকট নিরসনে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ প্রয়োজন।

এর আগে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ৫ মে মঙ্গলবার বেইজিং সফরে যান আব্বাস আরাঘচি। বৈঠকে তিনি চীনের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেন, বেইজিং ইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, তাদের সামরিক পদক্ষেপ নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। তিনি আরও বলেন, তেহরান আলোচনায় নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় অটল থাকবে এবং কেবল ন্যায্য চুক্তিই গ্রহণ করবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানকে ঘিরে সামরিক অভিযানের আক্রমণাত্মক পর্যায় শেষ করেছে ওয়াশিংটন। ৫ মে মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ আত্মরক্ষামূলক পদক্ষেপ ছিল।
তিনি আরও জানান, অপারেশন এপিক ফিউরি নামের অভিযানের একটি ধাপ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে, যেমনটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে অবহিত করেছেন।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available