• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৩২:৪৪ (04-May-2026)
  • - ৩৩° সে:
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে চায় ইসরায়েল

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে চায় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে আশা প্রকাশ করেছে ইসরায়েল। ১৫ এপ্রিল বুধবার দেশটির একটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।সূত্রটি জানায়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির বিষয়ে কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। মধ্যস্থতাকারীরা দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার চেষ্টা করছেন এবং শিগগিরই পরবর্তী দফার বৈঠক হতে পারে।আঞ্চলিক সূত্রগুলোর বরাতে জানা যায়, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও তা অন্তত আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য প্রচেষ্টা চলছে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ তৈরি করাই এর লক্ষ্য।মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং যুদ্ধ-পরবর্তী ক্ষতিপূরণ—এই তিনটি মূল বিষয়ে সমঝোতার চেষ্টা চলছে।এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনার প্রস্তুতি চলার মধ্যে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরান সফর করেছে বলে জানা গেছে। ওই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।ইরানি সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এই সফরের উদ্দেশ্য হলো আলোচনার সমন্বয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বার্তা আদান-প্রদান করা।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হতে পারে।সূত্র: রয়টার্স, আল জাজিরা