আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে বাতিল হয়েছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার পথ আরও স্পষ্ট হলো।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ৪ মার্চ বুধবার সিনেটে অনুষ্ঠিত ভোটে ট্রাম্পের পক্ষে রায় দেন ৫২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৪৭ জন।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি একটি প্রক্রিয়াগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে ব্যর্থ হয়। এর ফলে ট্রাম্পের বিদেশে সামরিক কর্মকাণ্ড সীমিত করতে চাওয়া আইনপ্রণেতাদের জন্য এটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে রিপাবলিকানদের মধ্যে প্রেসিডেন্টের সামরিক অভিযানের প্রতি সমর্থনও স্পষ্ট হয়েছে।

এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদেও আজ ৫ মার্চ বৃহস্পতিবার একই ধরনের আরেকটি প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। তবে সেটিও পাস হওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করা হচ্ছে।
সিনেটে আইনপ্রণেতারা দিনভর বিতর্ক করেন—ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপ অনুমোদন বা বন্ধ করার ক্ষেত্রে কংগ্রেসের ক্ষমতা প্রয়োগ করা উচিত কি না।
প্রস্তাবটির সমর্থকদের মতে, ইসরায়েলের সঙ্গে যৌথভাবে যুদ্ধ শুরু করে ট্রাম্প তার সাংবিধানিক ক্ষমতা অতিক্রম করেছেন। মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্টরা কেবল তাৎক্ষণিক হুমকির মুখে আত্মরক্ষার জন্যই এ ধরনের হামলা শুরু করতে পারেন। অন্যথায় যুদ্ধ ঘোষণা করার একমাত্র ক্ষমতা কংগ্রেসের।
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে সিনেটর টিম কেইন বলেন, গোপন বৈঠকেও ট্রাম্প প্রশাসন কোনো প্রমাণ দেখাতে পারেনি—একটিও না—যে যুক্তরাষ্ট্র ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক আক্রমণের মুখে ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। এর প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান।
এদিকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাল্টা জবাবে লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবস্থানে হামলা চালাচ্ছে ইসরায়েল।
একটি মানবাধিকার সংস্থার তথ্যমতে, ইরানে হামলায় এক হাজার একশোর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available