• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:৫৮:৩৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেল ইরানের বিশ্বকাপ দল

যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেল ইরানের বিশ্বকাপ দল

স্পোর্টস ডেস্ক: চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছেন ইরানের বিশ্বকাপ ফুটবল দলের খেলোয়াড়রা। লস অ্যাঞ্জেলেসে তাদের প্রথম ম্যাচের মাত্র ১০ দিন আগে ভিসা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস।৫ জুন শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বক্তব্যে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইরানি খেলোয়াড়দের ভিসা রাতারাতি অনুমোদন করা হয়েছে। এর আগে মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদেহ জানিয়েছিলেন, দলের সদস্যরা তখনও মার্কিন ভিসা পাননি।তবে ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, জাতীয় দলের কারিগরি ও প্রশাসনিক স্টাফদের কয়েকজন এখনও ভিসা পাননি। সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্র তাদের ভিসা ইস্যু করতে অস্বীকৃতি জানিয়েছে।ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে দলের অবস্থান সীমিত রাখার পরিকল্পনার কারণে শেষ মুহূর্তে অ্যারিজোনা থেকে মেক্সিকোর তিহুয়ানায় বেস ক্যাম্প স্থানান্তর করে ইরান। রোববার ভোরে দলটির সেখানে পৌঁছানোর কথা রয়েছে।আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইরান। এরপর একই শহরে বেলজিয়ামের বিপক্ষে খেলবে তারা। গ্রুপপর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি বলেছেন, ইরানের বিশ্বকাপ প্রতিনিধিদলে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-সংশ্লিষ্ট কেউ থাকলে তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। বিষয়টি নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে অংশ নিতে ভিসা পাননি। তিনি আইআরজিসির সাবেক কমান্ডার হিসেবে পরিচিত।বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান দ্বন্দ্বের কারণে এবারের বিশ্বকাপ কেবল ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ থাকছে না; এটি ভূরাজনৈতিক আলোচনারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে।এদিকে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ধীরগতিতে এগোলেও সামরিক উত্তেজনা পুরোপুরি কমেনি। ফলে বিশ্বকাপ চলাকালেও বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে।