আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মাটির নিচে অবস্থিত নিজেদের আরও একটি নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করেছে ইরান। বুধবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে এই ঘাঁটির তথ্য প্রকাশ করে।

ঘাঁটি উন্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মাজেদ মৌসাভি। এ সময় তারা বিপ্লবী গার্ডের মিসাইল সক্ষমতা ও সামরিক প্রস্তুতি পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কমান্ডারদের কাছ থেকে বিস্তারিত ব্রিফিং নেন।


সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি বলেন, ‘শত্রুদের যেকোনো সম্ভাব্য হুমকির মোকাবিলায় আমরা পুরোপুরি প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের অভিজ্ঞতার পর আমরা আমাদের রণকৌশলে পরিবর্তন এনেছি। এখন আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলের দিকে অগ্রসর হয়েছি।’
তিনি আরও বলেন, ‘নতুন এই কৌশলের আওতায় দ্রুত সময়ে ও বৃহৎ পরিসরে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হয়েছে। পাশাপাশি অসম যুদ্ধ ও প্রতিপক্ষের সামরিক কৌশল ভেঙে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।’
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে যুদ্ধজাহাজসহ অতিরিক্ত সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর মধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কূটনৈতিক সমাধান না এলে ইরানে সামরিক হামলার আশঙ্কা রয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তার প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং তা একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সূত্র: ফার্স নিউজ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available