• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:২৫:৩১ (10-Jun-2026)
  • - ৩৩° সে:
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই ট্রাক খালে, যান চলাচল বন্ধ

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই ট্রাক খালে, যান চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধি: পিরাজেপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিউয়নে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া, পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পর থেকে চালক ও তার সহকারী পলাতক।১০ জুন বুধবার ভোর রাত ৩ টার দিকে  মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশ্যে আসার পথে গত রাত প্রায় ৩টার দিকে দেবীপুর এলাকায় পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হ‌ওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ, ফলে সময় ও খরচ দুই বেড়ে গেছে।এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার জানান, ঢাকা- পাথরঘাটা মহাসড়কে যে বেইলি ব্রিজটি ভেঙ্গে গেছে সেটির ধারণ ক্ষমতা ছিল ২০ মেট্রিক টন, কিন্তু আলু বোঝাই ট্রাক এর লোড অনেক বেশি ছিল সে কারণে ভেঙে পড়েছে।এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পরার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক করে তিনি কিছু বলতে পারেননি।ৎ