কক্সবাজার সৈকতে উচ্ছেদ হওয়া জায়গা যেন পুনর্দখল না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়া স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন। তিনি ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, উচ্ছেদ হওয়া বালিয়াড়িতে যেন কোনোভাবেই পুনরায় দখল না হয়।২২ মার্চ রোববার বিকেল সোয়া ৪টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে গিয়ে তিনি উচ্ছেদ পরবর্তী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সম্প্রতি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সব অবৈধ স্থাপনা উচ্ছেদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি। তার নির্দেশনার ধারাবাহিকতায় জেলা প্রশাসনের অভিযানে সুগন্ধা ও কলাতলী পয়েন্ট দখলমুক্ত করা হয়।পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী জেলা প্রশাসকসহ স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় বালিয়াড়িতে কোনো ধরনের স্থাপনা রাখা যাবে না। সৈকতের মূল সৌন্দর্য রক্ষার্থে বালিয়াড়িকে সম্পূর্ণ স্থাপনামুক্ত রাখা হবে।এ সময় উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। তবে সরকার সৈকতের প্রাকৃতিক পরিবেশ রক্ষার উদ্দেশ্যে বালিয়াড়ি স্থাপনামুক্ত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে বলে মন্ত্রী স্পষ্ট করেছেন।