• ঢাকা
  • |
  • রবিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৫:৫০:১৭ (24-May-2026)
  • - ৩৩° সে:

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ মে ২০২৬ দুপুর ০২:৪২:২৭

রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার কার্যক্রম পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

২৪ মে রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপে’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ।
সাম্প্রতিক সময়ে শিশু ধর্ষণ ও হত্যার একাধিক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকেরা জানতে চান, সরকার অপরাধীদের কাছে কঠোর বার্তা পৌঁছাতে পারছে কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি মূলত সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকটের ফল। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ থেকে সমাজ বিচ্যুত হওয়ায় এ ধরনের অপরাধ বাড়ছে।

মন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। গত তিন মাসে সংঘটিত প্রতিটি আলোচিত ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা নিতে সক্ষম হয়েছে।

রামিসা হত্যা মামলার অগ্রগতি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সহযোগী হিসেবে তার স্ত্রীর নাম উঠে আসায় তাকেও গ্রেফতার করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আদালতের অনুমতি নিয়ে দ্রুত ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং তিন দিনের মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে। পোস্টমর্টেম প্রতিবেদনও তদন্ত কর্মকর্তাদের হাতে এসেছে। এসব তথ্য-উপাত্ত একত্র করে অভিযোগপত্র প্রস্তুতের কাজ রোববার রাতেই শেষ হয়েছে এবং সোমবার আদালতে তা জমা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের ছুটি থাকলেও এ মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এ ছাড়া মামলাটি পরিচালনার জন্য একজন বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ মিনায় যাবেন হাজীরা
আজ মিনায় যাবেন হাজীরা
২৪ মে ২০২৬ বিকাল ০৫:০৭:৩৫




রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল
২৪ মে ২০২৬ বিকাল ০৪:২৫:২৭




Follow Us