নার্ভের যন্ত্রণায় ভুগছেন জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম
বিনোদন ডেস্ক: নার্ভের তীব্র যন্ত্রণায় কাতর বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে গান গাওয়া থেকে সাময়িক বিরতিতে রয়েছেন।সোনু নিগম নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় তার অসুস্থতার কথা জানান। ভিডিওতে দেখা যায়, তার গলার বাম পাশে নার্ভে ব্যান্ডেজ করা হয়েছে এবং ওই স্থানে তীব্র ব্যথা অনুভব করছেন তিনি।সংগীতশিল্পী জানান, গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি এই সমস্যায় ভুগছেন। তিনি বলেন, তার গলার ওই নার্ভে চাপ পড়েছে, যার কারণে তীব্র যন্ত্রণা হচ্ছে। ইতোমধ্যে এমআরআই ও সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে এবং তিনি ওষুধ ও ফিজিওথেরাপি নিচ্ছেন।ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই শারীরিক সমস্যার কারণে সোনু নিগমকে আরও অন্তত এক মাস ভুগতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি এখন ব্যথানাশক ওষুধ গ্রহণ করছেন, যা তার কণ্ঠস্বর কিছুটা ভারী করে তুলেছে।এ অবস্থায় আসন্ন কনসার্টে তার কণ্ঠে পরিবর্তন থাকতে পারে বলে আশঙ্কা করছেন তিনি নিজেও। তবে পেশাগত প্রতিশ্রুতি রক্ষায় তিনি জানিয়েছেন, নির্ধারিত কোনো কনসার্ট বাতিল করবেন না।