কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন।৯ জুন মঙ্গলবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বাবুগঞ্জ থেকে আম আনতে রাজশাহীর উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। ট্রাকটির চালক সজীব ও সহকারী জিহাদ ছিলেন। পথিমধ্যে নয়মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক সজীব নিহত হন। এ ঘটনায় আহত হন সহকারী জিহাদসহ অপর ট্রাকের চালক ও হেলপার। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর দুটি ট্রাকই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে।তিনি আরও বলেন, নিহত চালকের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।