• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৩:২১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:
তুরস্ক–সৌদির যৌথ বিনিয়োগে যুদ্ধবিমান তৈরির ইঙ্গিত

তুরস্ক–সৌদির যৌথ বিনিয়োগে যুদ্ধবিমান তৈরির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিমান প্রযুক্তিতে দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর আধিপত্য থাকলেও মুসলিম বিশ্বে আধুনিক সমরাস্ত্র উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি তুলনামূলকভাবে কম। সেই বাস্তবতায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তুরস্ক ও সৌদি আরব। প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ প্রকল্পে যৌথ বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।৪ ফেব্রুয়ারি বুধবার কায়রো সফর শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।এরদোয়ান বলেন, তুরস্কের তৈরি স্টেলথ যুদ্ধবিমান ‘কান’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা পাচ্ছে। এই প্রকল্পে সৌদি আরবের সঙ্গে যৌথ বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা চলছে এবং যেকোনো সময় এ অংশীদারত্ব বাস্তবায়িত হতে পারে।তিনি আরও বলেন, যুদ্ধবিমান খাতে সৌদি আরবের সঙ্গে তুরস্কের সহযোগিতা নিয়ে ইতোমধ্যে ভালো সাড়া পাওয়া গেছে। আঙ্কারা ও রিয়াদ প্রতিরক্ষা শিল্পে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে এবং এই সহযোগিতা আরও সম্প্রসারণে তুরস্ক দৃঢ়প্রতিজ্ঞ।আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা সংলাপের মাধ্যমে সমাধান হওয়া উচিত এবং আলোচনার টেবিলেই টেকসই সমাধান সম্ভব।গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন এরদোয়ান। তিনি জানান, গাজায় শান্তি পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে এবং সেখানে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করবে।সূত্র: টিআরটি ওয়ার্ল্ড