• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই চৈত্র ১৪৩২ রাত ০৯:০৫:৩৪ (19-Mar-2026)
  • - ৩৩° সে:
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।১৯ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতের স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখান ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে মুক্তা ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। পথে উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে একটি প্রাইভেটকার থেকে দুর্বৃত্তরা তার হাতে থাকা ব্যাগে হ্যাঁচকা টান দেয়। এতে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।পরে পথচারী ও রিকশার অপর যাত্রী তাকে প্রথমে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা পেতে দেরি হওয়ায় টঙ্গীর আহসানউল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। দুই বছর আগে লিমনের সঙ্গে তার বিয়ে হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।