• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০১:৪৯:৩৩ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
খুলনায় গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে

খুলনায় গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে

অনলাইন ডেস্ক: গৃহকর্মীকে নির্যাতনের মামলায় খুলনার সোনাডাঙ্গা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) পপি রানী সাহা ও সঞ্জয় কুমার সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।১৮ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় পুলিশ দম্পতিকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক ফারুক ইকবাল এই আদেশ দেন।এর আগে সকালে গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় তার মা বাদী হয়ে সোনাডাঙ্গা থানা পুলিশের এএসআই সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী পপি রানী সাহাকে আসামি করে মামলা করেন। মামলা দায়ের করলে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। গত ১৭ জুন বুধবার বিকেলে তাদেরকে থানা হেফাজতে নেয় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে তরকারি পুড়ে যাওয়ার কারণে ওই গৃহকর্মীকে মারধর করে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় কুমার সরকারের স্ত্রী পপি রানী সাহা। তার শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দেন তিনি।মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, তারা দুজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরনের অপরাধ করবে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক আইনি সহায়তা প্রদান করা হবে।সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ওই গৃহকর্মী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। গত ৫ বছর যাবৎ সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয়ের বাড়িতে গৃহকর্মীর কাজ করে আসছেন। বুধবার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে আনা হয়। বিকেলে পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়। রাতে গৃহকর্মীর পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন।তিনি আরও জানান, খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সারাদেশে আলোচনায় স্থান পায় এবং বিষয়টি দেখে মেয়েটির মা খুলনায় আসার উদ্যোগ নেয়। বুধবার থেকে পুলিশ দম্পতি গৃহকর্মী সম্পর্কে আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে থাকে। থানায় মামলা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট