• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:৩৪:৩০ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।১৯৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি UNESCO-এর সাধারণ পরিষদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ২১ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে স্বীকৃতি পায়। ২০০০ সাল থেকে বিশ্বের ১৯০টিরও বেশি দেশে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। মাতৃভাষার জন্য আত্মোৎসর্গের এমন অনন্য দৃষ্টান্ত পৃথিবীতে বিরল, যা বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অংশ।দিবসের প্রথম প্রহর দিবাগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় অবস্থিত কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।এ সময় ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পুষ্পস্তবক অর্পণকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে পালন করে।