• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩৯:২৪ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

নতুন কোচ পেল রোনালদোর আল নাসর

৪ জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৫:৩৪

নতুন কোচ পেল রোনালদোর আল নাসর

স্পোর্টস ডেস্ক: সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল নাসরের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ান কোচ অ্যাঞ্জে পস্তেকগ্লু। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। আগামী মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোদের ডাগআউটে দেখা যাবে সাবেক টটেনহ্যাম ও নটিংহ্যাম ফরেস্ট কোচকে।

গত মে মাসে লিগ শিরোপা জয়ের পর পর্তুগিজ কোচ জর্জ জেসুস দায়িত্ব ছাড়েন। দেড় মাস পর তার উত্তরসূরি হিসেবে পস্তেকগ্লুর নাম ঘোষণা করে আল নাসর।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘একটি নতুন অধ্যায়ের সূচনা। মি. অ্যাঞ্জে পস্তেকগ্লু আল নাসর ক্লাবের প্রথম ফুটবল দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন। তার সঙ্গে দুই মৌসুমের চুক্তি সম্পন্ন হয়েছে। আমরা তার এবং তার কোচিং স্টাফের সফলতা কামনা করছি।’

৬০ বছর বয়সী পস্তেকগ্লু সর্বশেষ নটিংহ্যাম ফরেস্টের দায়িত্বে ছিলেন। তবে গত মৌসুমে মাত্র আটটি ম্যাচ পরিচালনার পরই ক্লাবটি ছাড়েন তিনি।

এর আগে স্কটিশ ক্লাব সেল্টিকের দায়িত্বে দুই মৌসুমে পাঁচটি বড় শিরোপা জিতিয়েছিলেন এই কোচ। এছাড়া টটেনহ্যামের দায়িত্বে থেকে ২০০৮ সালের পর ক্লাবটিকে প্রথম শিরোপার স্বাদ এনে দেন। তার অধীনেই ইউরোপা লিগ জিতে দীর্ঘ শিরোপাখরা কাটায় ইংলিশ ক্লাবটি।

স্কটল্যান্ড জাতীয় দলের সাবেক কোচ স্টিভ ক্লার্কের পদত্যাগের পর দেশটির জাতীয় দলের সম্ভাব্য কোচ হিসেবেও আলোচনায় ছিল পস্তেকগ্লুর নাম। তবে শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব না নিয়ে আল নাসরেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

গ্রিসে জন্ম নেওয়া অস্ট্রেলিয়ান এই কোচ বিশ্বকাপ চলাকালে আইটিভির ফুটবল বিশ্লেষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us