• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ১১:১৩:০৮ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি

৪ জুলাই ২০২৬ রাত ০৮:০৫:৪৬

দেশব্যাপী জুলাই পদযাত্রা করবে এনসিপি

অনলাইন ডেস্ক: গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ কর্মসূচি পালন করা হবে।

৪ জুলাই শনিবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি জানান, আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী কর্মসূচিতে দলের আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠকসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৭ জুলাই থেকে কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের পদযাত্রা। উত্তরাঞ্চলের কর্মসূচির নেতৃত্ব দেবেন সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটওয়ারী। আর দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সারজিস আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যেসব ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী ঘোষণা করেছে, সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচির মাধ্যমে একদিকে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, অন্যদিকে স্থানীয় মানুষের সমস্যাগুলো সরাসরি শুনে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, প্রার্থীদের পরিচিতি বৃদ্ধি এবং সাংগঠনিক সক্ষমতা যাচাই করা হবে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেটের প্রভাবের মতো বিষয়গুলোও কর্মসূচিতে গুরুত্ব পাবে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা শুধু ক্ষমতাসীন বিএনপির নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হবে। এছাড়া ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন এনসিপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। তিনি জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে আলী আহসান জুনায়েদ, মাহিন সরকারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
১৫ বছর পর আবারও ফিরছেন সেলিনা জেটলি
৪ জুলাই ২০২৬ রাত ০৯:৫৪:৫৫









Follow Us