• ঢাকা
  • |
  • শনিবার ২০শে আষাঢ় ১৪৩৩ রাত ০৯:৩২:২৬ (04-Jul-2026)
  • - ৩৩° সে:

১০০ টাকার বেশি নিলে ঠিকাদারি বাতিলের হুঁশিয়ারি

৪ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:২৮

১০০ টাকার বেশি নিলে ঠিকাদারি বাতিলের হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বাসাবাড়ির বর্জ্য অপসারণে মাসিক ফি ১০০ টাকার বেশি নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন নাসিকের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। কেউ এর বেশি অর্থ আদায় করলে অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

৩ জুলাই শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় প্রশাসক বলেন, নগরবাসীকে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। নির্ধারিত ফি আদায়ের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

তবে এ ঘোষণার পরও বর্জ্য সংগ্রহে অনিয়মের অভিযোগ করেছেন নগরবাসী। বিভিন্ন এলাকার বাসিন্দাদের দাবি, ১০০ টাকার পরিবর্তে ২০০ টাকা পর্যন্ত ফি আদায় করা হলেও নিয়মিত ময়লা সংগ্রহ করা হয় না। অনেক এলাকায় সপ্তাহে মাত্র এক বা দুই দিন বর্জ্য সংগ্রহ করা হচ্ছে।

নগরীর পাইকপাড়া এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক মাস ধরে ময়লা সংগ্রহে ব্যাপক অনিয়ম চলছে। বিশেষ করে গত কয়েক দিন এলাকায় কোনো বর্জ্য সংগ্রহ না হওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন।

নগরবাসীর দাবি, নির্ধারিত ফি বাস্তবায়নের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রমের ওপর নিয়মিত তদারকি ও কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। তাহলেই বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং নাগরিক ভোগান্তি কমবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us