• ঢাকা
  • |
  • শনিবার ১৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:২৩:৪৭ (02-May-2026)
  • - ৩৩° সে:

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন হচ্ছে আজ

২ মে ২০২৬ দুপুর ০১:০২:৪৫

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন হচ্ছে আজ

স্পোর্টস ডেস্ক: শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ঐতিহ্যবাহী অনুষ্ঠান নতুন কুঁড়ি এর আদলে এবার দেশব্যাপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। তৃণমূল পর্যায় থেকে আগামীর ক্রীড়া তারকা খুঁজে বের করতে এই উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

২ মে শনিবার বিকেল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। একই সময়ে দেশের সব জেলা স্টেডিয়াম থেকে কিশোর-কিশোরীরা ভার্চুয়ালি যুক্ত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের ৩২ জন ক্রীড়াবিদ অংশ নেবেন, যারা প্রতিযোগীদের অনুপ্রাণিত ও দিকনির্দেশনা দেবেন। স্থানীয় কোচ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের উপস্থিতিও থাকবে।

Ad

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের আড়াই মাসের মধ্যেই এই কর্মসূচি চালু করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে ৮টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট।

প্রতিযোগিতা শুরু হবে উপজেলা পর্যায়ে, এরপর জেলা, আঞ্চলিক হয়ে জাতীয় পর্যায়ে গড়াবে। ১৩ থেকে ২২ মে এর মধ্যে আঞ্চলিক পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

দেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আয়োজনটি পরিচালিত হবে ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী ও ময়মনসিংহ। প্রতিটি পর্যায়ে আলাদা প্রশাসনিক ও বাস্তবায়ন কমিটি থাকবে।

ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনে নকআউট পদ্ধতি, দাবায় সুইস লিগ পদ্ধতি এবং অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে হিট ও ফাইনাল রাউন্ডের মাধ্যমে ফল নির্ধারণ করা হবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে।

স্বল্প সময়ের নিবন্ধন পর্বে সারা দেশ থেকে ১ লাখ ৬৭ হাজার ৬৯৩ জন কিশোর-কিশোরী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছে। এর মধ্যে ছেলে ১ লাখ ২০ হাজার ৯৪৯ জন এবং মেয়ে ৪৬ হাজার ৭৪৪ জন। ঢাকা অঞ্চল থেকে সর্বাধিক এবং ময়মনসিংহ অঞ্চল থেকে সর্বনিম্ন নিবন্ধন হয়েছে।

প্রতিযোগীদের জন্য নির্ধারিত হারে ভাতা, জেলা পর্যায় থেকে জার্সি এবং প্রতিটি ধাপে সনদপত্র প্রদান করা হবে। জাতীয় পর্যায়ে নির্বাচিত সেরা খেলোয়াড়দের জন্য দীর্ঘমেয়াদি আবাসিক প্রশিক্ষণ এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থাকবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, নির্বাচিত খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তির আওতায় আনা হবে এবং তাদের উন্নত প্রশিক্ষণ ও পড়াশোনার দায়িত্ব নেবে সরকার।

সরকার ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খেলোয়াড়রা যেন নিজেদের পছন্দের খেলাকে পেশা হিসেবে নিয়ে অর্থনৈতিক নিরাপত্তা পান, সে লক্ষ্যে একটি নির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচির মাধ্যমে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দেরও সরকারের সহায়তার আওতায় আনা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us