• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১০:৫৪:২৪ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮ জুন ২০২৬ রাত ০৯:১০:৪৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে নবনির্মিত ফায়ারিং রেঞ্জে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ফায়ারিং রেঞ্জে এসএসএফের ব্যবহৃত একটি অস্ত্র দিয়ে নিজের নিশানা পরীক্ষা করেন।

১৮ জুন বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই নিশানা পরীক্ষা করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কিছুক্ষণ আগেই আমি এসএসএফ-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জটি উদ্বোধন করেছি। উদ্বোধনী মহড়াও প্রত্যক্ষ করেছি। পেশাগত কর্মদক্ষতা বাড়াতে নবনির্মিত এই ফায়ারিং রেঞ্জ নিঃসন্দেহে বিশেষ ভূমিকা রাখবে। আশা করি, নিরাপত্তা কৌশল প্রণয়ন এবং নিজেদের পেশাগত কর্মদক্ষতা বাড়াতে আপনারা এই ফায়ারিং রেঞ্জের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবেন।

তিনি বলেন, রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধান হিসেবে আমার সবচেয়ে বড় শক্তি হলো জনগণের আস্থা ও ভালোবাসা। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, নিরাপত্তার কড়াকড়ি বা সুরক্ষার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে।

ভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনো ধরনের হেনস্থা বা দুর্ব্যবহারের শিকার না হয়, সেদিকে এসএসএফ-কে বিশেষ নজর দিতে হবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন এবং তার মৃত্যুর পর বিশ্বের অন্যতম বৃহত্তম জানাজা সফলভাবে সম্পন্ন করতে এসএসএফের সমন্বয়কারী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, তরুণ বয়স থেকেই মায়ের সরকারপ্রধান থাকাকালীন তিনি এই এলিট বাহিনীর পেশাদারত্ব ও কার্যক্রম খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন।

এছাড়াও আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশপ্রেম ও পেশাদারত্বের সঙ্গে এসএসএফ সদস্যদের চেইন অব কমান্ড বজায় রেখে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us