স্পোর্টস ডেস্ক: পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানিয়েছে পাকিস্তান সরকার কর্তৃপক্ষ।

এরই মধ্যে পাকিস্তানের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। এক বিবৃতিতে দিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ক্রিকেটের স্বার্থে হলেও পাকিস্তানের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। আর যদি পাকিস্তান তাদের সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে এর বড় প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইসিসি।


তা কী কী ধরনের ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান? আইসিসি সূত্রের বরাতে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আসন্ন বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ হতে পারে পাকিস্তান। পাশাপাশি আইসিসি থেকে রাজস্ব পেত পিসিবি, সেটাও বন্ধ হতে পারে। বড় আর্থিক জরিমানার পাশাপাশি পিএসএলেও বিদেশি খেলোয়াড় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি!
পাকিস্তানের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আজ বোর্ড সদস্যদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসার কথা আইসিসির। সেখানে পাকিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। এ প্রসঙ্গে পিটিআইয়ের সঙ্গে আলাপকালে আইসিসি সূত্র বলেছেন, ‘পাকিস্তানকে বিশ্বকাপে খেলতে দেওয়া হলেও (ভারত ম্যাচ বয়কট করায়) পিসিবির ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে।’
কী ধরনের শাস্তি হতে পারে, সেটার ইঙ্গিত দিয়ে ওই সূত্র বলেছেন, ‘যেহেতু তারা একটি বাধ্যতামূলক চুক্তি লঙ্ঘন করেছে, তাই আইসিসির সদস্য বোর্ডগুলো পাকিস্তানে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে অস্বীকৃতি জানাতে পারে। এমনকি কোনো পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হলেও, সেই ম্যাচগুলোর ফলাফল সব সংস্করণেই আইসিসি র্যাঙ্কিংয়ে গণনা নাও হতে পারে।’
সূত্র আরও বলেছেন, ‘এমনও সম্ভাবনা আছে যে, পাকিস্তানকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডাব্লিউটিসি)-এর কোনো পয়েন্টই দেওয়া হবে না।’
ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান? সতর্কবার্তা দিল আইসিসিভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান? সতর্কবার্তা দিল আইসিসি
এছাড়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ওপরও যে আঘাত আসতে পারে, সেটি উল্লেখ করে ওই সূত্র বলেছেন, ‘অবসরপ্রাপ্ত খেলোয়াড় বা ফ্রি এজেন্ট ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, এমন সব বিদেশি খেলোয়াড়ের পিএসএলে অংশগ্রহণ নিষিদ্ধ করা হতে পারে। এর পাশাপাশি আইসিসির আয়োজক সম্প্রচারকারী জিও-স্টারের যে রাজস্ব ক্ষতি হবে, যেটার পরিমাণ মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, সেই ক্ষতিপূরণও পিসিবিকেই দিতে হতে পারে। এছাড়া পিসিবিকে যে কোনো রাজস্ব দেওয়া বন্ধ হতে পারে, সেটা তো না বললেও চলে।’
একনজরে, ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে যেসব ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান:
১. পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই নিষিদ্ধ।
২. আইসিসির বার্ষিক রাজস্ব বণ্টন স্থগিত।
৩. সম্প্রচারকারী জিও-স্টারকে রাজস্ব ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা।
৪. দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা, ডাব্লিউটিসি পয়েন্ট ও আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব।
৫. পিএসএলে (ফ্রি এজেন্ট ছাড়া) সব বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে নিষেধাজ্ঞা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available