বিনোদন ডেস্ক: এই শতকের শূন্য দশকে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন সেলিনা জেটলি। বলিউডের তার নামডাক ছিল বেশ। গ্ল্যামারে জিতে নিয়েছিলেন দর্শকের মন। করেছেন একের পর এক সিনেমা। অথচ সেই সেলিনা জেটলিকে গত ১৫ বছরে দেখা যায়নি বড় পর্দায়!
অবশেষে দেড় দশকের বিরতির পর ফিরছেন সেলিনা। সিস্টার নিবেদিতার বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। নির্মাণে রামকমল মুখোপাধ্যায়। ছবির নামও রাখা হয়েছে 'সিস্টার নিবেদিতা'।
বলা দরকার, ১৮৬৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী মার্গারেট নোবেলকে ১৮৯৮ সালে স্বামী বিবেকানন্দ ‘নিবেদিতা’ নামটি দিয়েছিলেন। ১৮৯৫ সালে লন্ডনে স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় ৷ পরবর্তীতে তিনি ভারতে এসে তার শিষ্যত্ব গ্রহণ করেন। নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্যও তিনি স্মরণীয় হয়ে আছেন।
সেলিনা জানান, সিস্টার নিবেদিতার চরিত্রে অভিনয় তার কাছে নিছক কোনও কাজ নয়, বরং একটি ‘কলিং’ বা আহ্বান। এই চরিত্রটিকে অভিনেত্রী তার কর্মজীবনের অন্যতম অর্থবহ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।
এক সাক্ষাৎকারে সেলিনা বলেন, ‘রামের মতো একজন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করা আমার জন্য অন্য যে কোনও অভিনয় অভিজ্ঞতার চেয়ে আলাদা। তার মতো বড় মাপের পরিচালকদের সঙ্গে কাজ করলে শুধু একটি চরিত্রে অভিনয়ই নয়, বরং সেই সময়ের সঙ্গে মিশে যাওয়ার জন্য নিজেকে সঁপে দেওয়া যায়।’
সেলিনা জানান, ছোটবেলা থেকেই সিস্টার নিবেদিতার কথা জানেন তিনি। বাবা-মায়ের সঙ্গে পশ্চিমবঙ্গ ও দার্জিলিং ভ্রমণের সময় তারা প্রায়ই রায় ভিলায় থামতেন, যেখানে সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন। সেলিনা বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমার কোনো ধারণাই ছিল না যে, একদিন, আমিই তার চরিত্রে অভিনয় করব।’
ছবিটিতে সেলিনার সঙ্গে আর কারা অভিনয় করছেন, তার পূর্ণাঙ্গ তালিকা এখনো প্রকাশ করা হয়নি। আড়াল রাখা হয়েছে ছবির মুক্তির তথ্যও।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available