আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির বিদায় অনুষ্ঠান শুরু হয়েছে। ৪ জুলাই শনিবার ভোর থেকে গ্র্যান্ড ইমাম খোমেনি মোসাল্লা প্রাঙ্গণে লাখো শোকাহত মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিনের প্রথম প্রহর থেকেই রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশনের সামনে মানুষের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক স্টেশন তখনও চালু না হলেও হাজারো মানুষ অনুষ্ঠানস্থলে পৌঁছানোর অপেক্ষায় ছিলেন। পরে গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের ভেতর ও বাইরে মানুষের ব্যাপক সমাগম ঘটে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, বিদায় অনুষ্ঠান রোববার রাত পর্যন্ত চলবে। এরপর সোমবার তেহরানে মূল জানাজা ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া পরবর্তী সময়ে কোম ও মাশহাদেও জানাজার কর্মসূচি রয়েছে। মাশহাদের পবিত্র ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে দাফন করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইরাকের নাজাফ ও কারবালায়ও স্মরণ ও শোকানুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে শুক্রবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা, কূটনীতিক ও ধর্মীয় নেতারা তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা জানান।
ইরানি কর্মকর্তারা জনগণের এই ব্যাপক উপস্থিতিকে সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ইসলামি বিপ্লব, জাতীয় স্বাধীনতা ও প্রতিরোধের আদর্শের প্রতি জনগণের অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে ইরান দাবি করে। ওই হামলায় আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হন। পরবর্তী সময়ে ইরান পাল্টা সামরিক অভিযান চালায় এবং পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়।
সূত্র: পার্সটুডে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available