আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের শর্ত দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস-এর বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো ইরানের ১০ দফা প্রস্তাবনার মধ্যে এই শর্তও রয়েছে। এতে বলা হয়েছে, হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল ইরানের অনুমোদন ও নির্ধারিত নিয়ম মেনে নিয়ন্ত্রিত হবে।


পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করা এই প্রণালীর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই জলপথটি বৈশ্বিক জ্বালানি তেল বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বজুড়ে প্রতিদিন তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।

যুদ্ধের আগে এই প্রণালীতে প্রতিদিন গড়ে প্রায় ১৪০টি জাহাজ চলাচল করত। তবে চলমান উত্তেজনার পর থেকে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে এবং বাণিজ্যিক চলাচল সীমিত হয়ে পড়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হরমুজ প্রণালী শুধু তেল নয়, সার ও পেট্রোকেমিক্যালসহ বিভিন্ন পণ্যের গুরুত্বপূর্ণ রপ্তানি-আমদানি পথ হিসেবেও ব্যবহৃত হয়।
গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যুক্তরাষ্ট্রের ১৫ দফা এবং ইরানের ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির শর্ত হিসেবে ইরান দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে, যা ইরানের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকল মেনে পরিচালিত হবে। বিষয়টি তদারকি করবে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, হরমুজ প্রণালি দিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজ চলাচল এখন থেকে ইরানের অনুমোদন ও নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। তিনি বলেন, ‘যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
সূত্র: তাস, ইন্ডিয়া টুডে
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available