নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরমপূরণ বাবদ সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে পরীক্ষার্থীরা। এসময় তারা কলেজের মূল ফটকে তালা দেয়।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গেইটে তালা দিয়ে সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা।


পরে দুপুর ১২টার দিকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দিলে পরীক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে।

আন্দোলনরত পরীক্ষার্থীরা জানান, এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীদের ফরম পূরনে ব্যবসা ও মানবিক শাখার জন্য বোর্ড থেকে ২৪৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু সেখানে তাদের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ নিচ্ছেন ৩২৫০ টাকা। বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ২৫০০ টাকার বিপরীতে নিচ্ছে ৩৫০০ টাকা করে। এছাড়া গতবছর যারা ১ বিযয়ে অকৃতকার্য হয়েছিলো তাদের কাছ থেকে ৯০০ টাকার পরিবর্তে ১৮০০ টাকা এবং ২ বিষয়ে অকৃতকার্যদের কাছ থেকে ১০০০ টাকার বিপরীতে ২০০০ টাকা করে নেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা আরও অভিযোগ করে বলেন, গত কয়েক বছর ধরে কলেজ কর্তৃপক্ষ এ অনিয়ম করে আসছে। প্রতিটি ব্যাচের পরীক্ষার্থীরা এসব দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ করলেও কোন সমাধান পায়নি। সবশেষ এ বিষয়ে ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করা হয়। দ্রুত সময়ের মধ্যে সরকার নির্ধারিত ফি কার্যকর করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
চর জব্বর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামশেদুর রহমান কিসলু জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়গুলো নিয়ে সভাপতিসহ সংশ্লিষ্টদের সাথে বসে সমাধানের ব্যবস্থা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available