টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী পাথরঘাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মইন (১৫)-এর মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
টাঙ্গাইল শহরের কলেজ পাড়ার মনিরুজ্জামান মনির ছেলে নিহত মইন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ২৬ জুন শুক্রবার সকাল ১১টার দিকে কালিহাতীর গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়স্থ পাথরঘাট এলাকায় গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায় মইন। তার সঙ্গে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
পরদিন ২৭ জুন শনিবার উদ্ধার অভিযান পুনরায় শুরু করা হয়। বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৪-১৫ হাত দূরে নদীর পানিতে ভাসমান অবস্থায় মইনের মরদেহ দেখতে পান উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available