• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০০:৪৮ (25-Jun-2026)
  • - ৩৩° সে:

আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২৫ জুন ২০২৬ দুপুর ০১:২৪:০০

আশুগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে শ্যামল চন্দ্র দাস (৪৫) নামে এক আয়কর আইনজীবী তার এক চোখের দৃষ্টি হারিয়েছেন।

২২ জুন সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। পরে অস্ত্রোপচার করেও তার ক্ষতিগ্রস্ত চোখটি রক্ষা করা সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কাজে সোমবার সকালে ঢাকায় যান শ্যামল চন্দ্র দাস। কাজ শেষে রাতেই চট্টগ্রামগামী তুর্ণা এক্সপ্রেসে করে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলেন তিনি। রাত আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি তালশহর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় বাইরে থেকে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এতে একটি পাথর তার ডান চোখে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে নামিয়ে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন।

২৩ জুন মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েক ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করা হলেও তার চোখের দৃষ্টি ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম জানান, ‘ঘটনার খবর পাওয়ার পর আহত ব্যক্তি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে রেল পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

উল্লেখ্য, এর আগেও একই ধরনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের আউটার পৈরতলা এলাকায় চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে নাইমুল হাসান রাব্বি নামে এক যুবক আহত হন। মাথায় গুরুতর আঘাত পেয়ে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার মাথায় পাঁচটি সেলাই দেন। তিনি শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
ফের ঢাকায় কনসার্টে আতিফ আসলাম
২৫ জুন ২০২৬ বিকাল ০৩:৩৮:৩২









Follow Us