অনলাইন ডেস্ক: তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও চীন।
২৫ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টায় চীনের বেইজিংয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশে চলমান নদী খনন কার্যক্রমের কথা তুলে ধরে বন্যার ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তার প্রত্যাশা ব্যক্ত করেন।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সহযোগিতা বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৫ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার হয়েছে।
বৈঠকে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। জবাবে চীনের মন্ত্রী জানান, বাংলাদেশ চাইলে পানি ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। পাশাপাশি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available