নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ ফতুল্লার গিরিধারা এলাকায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিকট শব্দে আগুন ছড়িয়ে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১০ মে রোববার ভোর ৬টা ৫৫ মিনিটে ফতুল্লার গিরিধারা এলাকার একটি নয়তলা ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৪৭), তার স্ত্রী সালমা (৩৫), ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৫)। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

উদ্ধারকারী রাকিব জানান, ভোরের দিকে বাসার সামনে থেকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
দগ্ধ সালমা বেগমের বরাত দিয়ে তিনি আরও জানান, ঘটনার সময় পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে কালাম রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। পরে প্রাণ বাঁচাতে কোনো রকমে ঘর থেকে বের হয়ে আসেন তারা।
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের মধ্যে কালাম ৯৫ শতাংশ, সালমা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, মুন্নি ৩৫ শতাংশ এবং কথা ৫২ শতাংশ দগ্ধ হয়েছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইনের গ্যাসের লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available