স্পোর্টস ডেস্ক: তুরস্কের কোনিয়া শহরে অনুষ্ঠিতব্য ‘কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬’ -এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
১০ মে রোববার সকালে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।


সফরকালে তিনি তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকে দুই দেশের যুব উন্নয়ন, ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং প্রশিক্ষণ বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ক্রীড়া কূটনীতি জোরদারের লক্ষ্যে তুর্কি ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন প্রতিমন্ত্রী। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তুরস্কের অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে বলে জানা গেছে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মো. আমিনুল হক ওয়ার্ল্ড ইথনোস্পোর্ট ইউনিয়নের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাধুলার পুনরুজ্জীবন এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশীয় খেলাগুলো তুলে ধরার বিষয়ে আলোচনা হবে।
পাশাপাশি তুরস্কের ক্ষমতাসীন রাজনৈতিক দল একে পার্টির প্রতিনিধিদের সঙ্গেও তার একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই সফর ওআইসিভুক্ত দেশগুলোর তরুণদের মধ্যে ঐক্য জোরদারের পাশাপাশি বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পরিসরে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সফর শেষে আগামী ১৪ মে দেশে ফেরার কথা রয়েছে প্রতিমন্ত্রীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available