সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় আগুনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

১ ফেব্রুয়ারি রোববার বিকেল সোয়া ৫টার দিকে সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের বক্সীরহাট বাজারসংলগ্ন বিজবাগ ডিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছু উদ্দিন জানান, বিকেলে বিদ্যালয়ে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। এর আগেই বাজারে থাকা স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বিদ্যালয়ের দুইতলা ভবনের একটি শ্রেণিকক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে একটি চেয়ার, একটি টেবিল, ১২ জোড়া হাই-লো বেঞ্চ ও তিনটি বৈদ্যুতিক পাখা পুড়ে নষ্ট হয়।
তিনি আরও জানান, আগুনের তাপে ভবনের দেয়ালের পলেস্তারা খসে পড়ছে এবং অতিরিক্ত তাপে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সেনবাগ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রিয়াদ মাহমুদ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং একটি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়।
এ বিষয়ে সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার ফারভেজ জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাকে বিষয়টি অবহিত করেছেন।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available