উল্লাপাড়া (সিরাজগঞ্জ ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে বৃহস্পতিবার রাতে মারামারির ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় গিয়ে নিয়মিত আড্ডা দিতেন এবং সেখানে মেয়েদের উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ ওঠে। এনিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন। এরই জেরে বৃহস্পতিবার রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায় কাশিনাথপুরের বখাটে যুবকেরা। দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বেধে যায়। এতে রশিদপুর গ্রামের কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের অবস্থার অবনতি হয়। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনোহার হোসেন বলেন, শুনতে পেয়েছি হাসপাতালে একজন মারা গেছেন। এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে আমরা পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available