পানি নিষ্কাশনের পাইপ নিয়ে বিরোধে বাউফলে সংঘর্ষে নিহত ১, আহত ৭; গ্রেফতার ৬
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রবিন হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।১৭ জুন বুধবার সকাল প্রায় ৮টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এলাকায় পানি নিষ্কাশনের জন্য একটি পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ কাজে তিনি স্থানীয়দের কাছ থেকে আর্থিক সহায়তা চাইলে প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবারের সদস্যরা এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে আগের দিন দুই পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে পুকুরপাড়ে দাঁত ব্রাশ করার সময় রবিন হাওলাদারের সঙ্গে আনন্দ ব্যাপারী ও তার পরিবারের সদস্যদের পুনরায় কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একই পরিবারের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ তৎপরতা দেখান। তিনি বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের সঙ্গে কথা বলে ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশনা দেন। পাশাপাশি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে।এদিকে, সংসদ সদস্য সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সহিষ্ণু আচরণের ওপর গুরুত্বারোপ করেন।