• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ০১:৩১:৪১ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
মাথা ঝুঁকিয়ে নয়, স্পিকারকে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রদ্ধা করবেন এমপিরা

মাথা ঝুঁকিয়ে নয়, স্পিকারকে ধর্মীয় রীতি অনুযায়ী শ্রদ্ধা করবেন এমপিরা

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে (বো করে) অভিবাদন জানানোর দীর্ঘদিনের প্রচলিত রীতিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী সংসদ সভাপতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে পারবেন।১৮ জুন বৃহস্পতিবার সংসদ অধিবেশনের শুরুতেই এ সিদ্ধান্তের কথা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।তিনি কার্যপ্রণালি বিধির একটি রুলিং দিতে গিয়ে জানান, অতীতে সংসদে প্রবেশ ও প্রস্থানকালে ঝুঁকে অভিবাদন জানানোর বাধ্যবাধকতা থাকলেও ২০০৬ সালের সংশোধনীতে সেই শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে এখন এটি আর বাধ্যতামূলক নয়।স্পিকার আরও উল্লেখ করেন, সংসদ কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধিতে বলা আছে সংসদ কক্ষে প্রবেশ, প্রস্থান বা আসন গ্রহণের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে সেই সম্মান প্রদর্শনের ধরন নির্দিষ্ট করে দেওয়া নেই।এই ব্যাখ্যার পর স্পিকার জানান, যেহেতু আইন থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে সংসদ সদস্যরা তাদের ধর্মীয় অনুশাসন ও ব্যক্তিগত রীতি অনুযায়ী শ্রদ্ধা জানাতে পারবেন।এর আগে ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বিষয়টি নিয়ে আপত্তি তোলেন এবং কার্যপ্রণালি বিধির সংশোধনীর কথা উল্লেখ করেন। পরদিন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।স্পিকারের এই ঘোষণার মাধ্যমে সংসদে দীর্ঘদিনের প্রচলিত অভিবাদন রীতিতে আনুষ্ঠানিক পরিবর্তন এলো।