যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে প্রধান বাধা তিনটি: মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক সংলাপ ও আঞ্চলিক সংকট নিরসন নিয়ে ইরানের অবস্থান ও উদ্বেগের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তারা সংলাপের প্রয়োজনীয়তা স্বীকার করলেও আলোচনার পথে থাকা বিভিন্ন বাধা ও শর্ত স্পষ্টভাবে তুলে ধরেন।প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলেন, ইরান সবসময়ই সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং এই নীতি অব্যাহত রয়েছে। তবে কার্যকর আলোচনার পথে তিনটি প্রধান বাধা রয়েছে বলে তিনি উল্লেখ করেন— প্রতিশ্রুতি ভঙ্গ, অবৈধ অবরোধ আরোপ এবং অব্যাহত হুমকি প্রদান। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, বিশ্ব এখন তাদের কথার সঙ্গে কাজের বৈপরীত্য প্রত্যক্ষ করছে।অন্যদিকে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে। তার মতে, নৌ অবরোধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার প্রক্রিয়া বন্ধ করতে হবে এবং সব ফ্রন্টে আগ্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে যুদ্ধবিরতির কোনো অর্থ থাকে না। তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া সম্ভব নয়।গালিবাফ দাবি করেন, সামরিক চাপ বা আগ্রাসনের মাধ্যমে ইরানকে নত করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না। সংকট সমাধানের একমাত্র পথ হলো ইরানি জনগণের ন্যায্য অধিকার স্বীকৃতি দেওয়া।এদিকে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে ইরানকে একটি সমন্বিত প্রস্তাব দেওয়ার জন্য সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করছেন।সূত্র: সিএনএন