• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১০:২৮:৪২ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।১৬ জুন মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, এটি একটি উদার গণতান্ত্রিক দল, যা সকলকে ধারণ করে। বিএনপি যখনই সরকারে ছিল, তখন গণমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি ছিল।তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার রুখে দিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।আলোচনায় সাংবাদিক দম্পতি সাগর–রুনি হত্যার বিচার নিশ্চিতকরণ, সাংবাদিকদের বেতন কাঠামো এবং গণমাধ্যমের বিভিন্ন সমস্যার বিষয়ও উঠে আসে বলে জানা যায়।