• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:০৪:০১ (08-May-2026)
  • - ৩৩° সে:
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশ সদস্য নিহত

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশ সদস্য নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে রাত্রিকালীন টহল চলাকালে বাল্কহেডের ধাক্কায় নৌ-পুলিশের একটি টহল নৌযান উল্টে গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে মো. মহসিন সরদার (৪৩) নামে এক নৌ-পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।৭ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন নদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মহসিন সরদার বাগেরহাট জেলা থেকে নৌ-পুলিশে সংযুক্ত ছিলেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার গোপালপুর এলাকায়। তিনি মৃত আব্দুল করিম সরদারের ছেলে। তিনি বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার ছেলে সিয়াম (১৪) ও মেয়ে নিশিথা আক্তার মুন্নি (১৯)।নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি থেকে এসআই মকবুল হোসেনের নেতৃত্বে চার কনস্টেবলসহ একটি টহল দল ডাকাতি প্রতিরোধে নদীতে অভিযান চালাচ্ছিল। টহল চলাকালে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে একটি বাল্কহেডের সঙ্গে টহল নৌযানটির সংঘর্ষ হয়। এতে নৌযানটি উল্টে যায়।ঘটনার পর টহল দলের সদস্যরা সাঁতরে পাশের একটি বাল্কহেডে উঠে প্রাণে রক্ষা পান। তবে কনস্টেবল মহসিন সরদার গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান খান বলেন, রাতে অবৈধভাবে চলাচলকারী বাল্কহেডের সঙ্গে অন্ধকারে টহলরত নৌ-পুলিশের বোটের সংঘর্ষ হয়। এতে এক কনস্টেবল গুরুতর আহত হয়ে মারা যান। তবে দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটিকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।