মোদিকে দেখতে অত্যন্ত ভদ্র মনে হলেও বাস্তবে তিনি ‘টোটাল কিলার’: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, মোদিকে বাইরে থেকে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মনে হলেও বাস্তবে তিনি কঠোর ও দক্ষ একজন নেতা। রূপক অর্থে ট্রাম্প মোদিকে ‘টোটাল কিলার’ বলেও অভিহিত করেন।সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, ফ্রান্সের এভিয়ানে জি-৭ সম্মেলনের ফাঁকে ট্রাম্প নরেন্দ্র মোদিকে ভূয়সী প্রশংসা করেন। তিনি তাকে ‘খুবই কঠিন’ এবং ‘দক্ষ দরকষাকষিকারী’ হিসেবে উল্লেখ করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।বৈঠকে ট্রাম্প বলেন, “এই মানুষটিকে দেখুন। তিনি অত্যন্ত সুন্দর চেহারার, ভদ্র ও শান্ত স্বভাবের, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি ‘টোটাল কিলার’। তবে এটাই তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে আলাদা করে তোলে।”তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে তার প্রশাসনের সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। ট্রাম্পের ভাষায়, “আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ভারত হোয়াইট হাউসে একজন সত্যিকারের বন্ধুকে পাবে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বাড়ছে।”ট্রাম্প দাবি করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ প্রবাহিত হচ্ছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং নতুন শিল্প ও কারখানা স্থাপন করা হচ্ছে।অন্যদিকে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের অগ্রগতির কথা তুলে ধরে বলেন, দুই দেশের মধ্যে নতুন গতিশীলতা তৈরি হয়েছে।মোদি আরও বলেন, বৈশ্বিক অর্থনীতির জন্য হরমুজ প্রণালির নিরাপদ ও অবাধ নৌচলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।উভয় নেতা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেন।