শ্রীপুরে মাদকাসক্ত যুবকে দুই মাসের কারাদণ্ড
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মসজিদে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে ইতিকাফে থাকা যুবকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জহির (২৫) নামের ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ মার্চ শুক্রবার রাতে শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের শাজাহান মুন্সি জামে মসজিদে এই চুরির ঘটনা ঘটে। মাহে রমজানের শেষ দশকে ওই মসজিদে ইতিকাফ করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। গভীর রাতে ধনুয়া গ্রামের সুরুজ মিয়ার মাদকাসক্ত ছেলে জহির মসজিদে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।এ সময় ইতিকাফে থাকা যুবকরা টের পেয়ে তাকে হাতেনাতে ধরার চেষ্টা করলে জহির তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় চার যুবক আহত হন। তবে শেষ পর্যন্ত ইতিকাফকারীরা ও স্থানীয়রা মিলে তাকে জাপটে ধরেন এবং রাতেই বেঁধে রাখেন।আজ (শনিবার) সকালে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত জহিরকে হেফাজতে নেয়। এলাকাবাসী এবং অভিযুক্তের নিজ বাবা-মায়ের দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর কার্যালয়ে হাজির করা হয়।সেখানে অপরাধ স্বীকার ও মাদকাসক্তির বিষয়টি আমলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়।মসজিদ কমিটির সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে ইবাদতকারীদের ওপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। তবে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে বিচার নিশ্চিত হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।