ফিলিপিন্সের সিনেটে গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এক সিনেটরকে গ্রেফতার করতে পুলিশ ও মেরিন সেনারা ফিলিপিন্সের সিনেট ভবনে প্রবেশ করলে সেখানে গোলাগুলির শব্দ শোনা গেছে।আল জাজিরার সাংবাদিক জামেলা আলিন্দোগান জানিয়েছেন, ১৩ মে বুধবার সন্ধ্যায় রাইফেল ও সুরক্ষামূলক সরঞ্জাম পরিহিত সৈন্যরা আইনসভা ভবনের সিঁড়ি বেয়ে ওপরে ওঠার কয়েক মিনিট পরই গোলাগুলি শুরু হয়। এ সময় সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়ে পালিয়ে যান।তবে কারা গুলি চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।ফিলিপিন্সের সিনেটর রোনাল্ড দেলা রোসা এর আগে আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, তাকে গ্রেফতার করে আইসিসিতে পাঠানো হতে পারে। এ পরিস্থিতিতে তিনি সমর্থকদের আইনসভা ভবনের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান।ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় দেলা রোসা বলেন, ‘আমি আপনাদের কাছে আবেদন করছি। আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আর কোনো ফিলিপিনোকে হেগে নিয়ে যেতে দেবেন না।’তার এ বক্তব্যের পর সিনেটের সার্জেন্ট-অ্যাট-আর্মস মাও আপলাস্কা জানান, ফিলিপিন্সের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই মধ্যে সিনেট ভবনের বাইরে অবস্থান নিতে শুরু করেছিলেন।সূত্র: আল জাজিরা