খালের পানি নিষ্কাশনের মুখ ভরাট, দুশ্চিন্তায় কৃষকরা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামাটি কোল্ডস্টোরেজ এর সামনে একটি কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট করেছে কতিপয় ব্যক্তিরা।কালভার্টটির মুখ থেকে একটি বড় খাল রয়েছে পানি নিষ্কাশনের জন্য।সেই খালটি সংযুক্ত হয়েছে ছোট যমুনা নদীতে। হঠাৎ করে কালভার্টের মুখ ভরাট করায় বিপাকে পড়েছে কৃষকরা।স্থানীয়রা বলছেন, যেখানে সরকার খাল খননের উদ্যোগ গ্রহণ করেছে, সেখানে খাল ভরাট করা কতটুকু যৌক্তিক।স্থানীয় কৃষকরা বলেন, বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন না হলে ফসলি জমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমতো অবস্থায় বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী কৃষকরা।এদিকে জায়গা ভরাট কারি সুলতান মাহমুদের সঙ্গে কথা বললে তিনি বলেন, জায়গাটি আমরা ক্রয় করেছি, এটি আমাদের ক্রয় কৃত জমি।তিনি আরও বলেন, খালের বিভিন্ন জায়গায় অন্য মানুষ বন্ধ করেছে, তাই আমিও করছি।কালভার্টের মুখ ব্যক্তিগত জায়গা হতে পারে এমন বিষয় নিয়ে জনমনে প্রশ্ন জেগেছে।এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান জানান, বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।